সর্বশেষ সংবাদ

হামজাকে দশে ‘দশ’ দিলেন ডুলি

লেখক: খেলা ডেক্স
প্রকাশ: November 12, 2026

হামজাকে দশে ‘দশ’ দিলেন ডুলি
শ্রীলঙ্কা ম্যাচে হামজা চৌধুরীর পারফরম্যান্সে দারুণ খুশি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ।
শ্রীলঙ্কার ম্যাচে বাংলাদেশকে অধিনায়কের মতোই সামনে থেকে নেতৃত্ব দিলেন হামজা চৌধুরী। তার উপস্থিতিতে উজ্জীবিত হয়ে ফারহান-রাকিবরাও মেলে ধরলেন নিজেদের। দাপুটে ফুটবল খেলে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ। ম্যাচ শেষের প্রতিক্রিয়ার হামজাকে তাই দশে দশ দিতে একবিন্দু কার্পণ্য করলেন না কোচ টমাস ডুলি।

হামজার অনুপস্থিতিতে ভুটানকে ১-০ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপ শুরু করেছিল বাংলাদেশ। ইংল্যান্ড প্রবাসী এই তারকাকে নিয়ে বুধবার শ্রীলঙ্কাকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দেয় দল। হামজার থাকা, না থাকার পার্থক্য বাংলাদেশ কোচ ডুলি বুঝিয়ে দিলেন এক কথায়।
ম্যাচ জুড়ে হামজার ভূমিকায়, তার খেলার ধরণে শ্রীলঙ্কার দলের প্রবাসীরাও মুগ্ধ-ম্যাচ শেষের প্রতিক্রিয়া ডুলি এ কথাও জানালেন গর্বভরে।
“যদি আমাদেরও অন্যদের মতো একজন নাম্বার-নাইন থাকত; একজন দীর্ঘদেহী খেলোয়াড় যে, প্রতিপক্ষের বিপজ্জনক এলাকায় ঢুকে যাবে, তাহলে নিশ্চিতভাবেই অনেককিছু সহজ হয়ে যায়। আমি মনে করি, হামজা ১০ নম্বর হিসেবে থাকায় সে বক্সের ভেতরে আমাদের আরও বিপজ্জনক হতে অনেক সাহায্য করতে পারে। যখন তার মতো গতির একজন খেলোয়াড় সামনে থাকে, তখন আক্রমণ করা অনেক সহজ হয়ে যায়।