
আমড়া কাঠের ঢেঁকি
—— এম জেড মাহমুদ।
আমড়া কাঠের ঢেঁকি আজও নীরব উঠোনে,
দেশটা যেন হাঁটছে কেবল পুরোনোই সেই ক্ষণে।
উন্নয়নের ঢাক বাজে, শোনা যায় কত গান,
ক্ষুধার্ত মুখে জমে থাকে দীর্ঘশ্বাসের টান।
রাজনীতির মঞ্চ জুড়ে প্রতিশ্রুতির ঢল,
মানবতা নিরবে কাঁদে, শুনে না কেউ চল।
ক্ষমতারই হিসাব কষে ব্যস্ত দিনের দল,
সাধারণের চোখের জলে ভিজে বাংলার পথচল।
বন্যার জলে ভাসে ঘর, ভাসে সোনার ধান,
মায়ের কোলে ক্ষুধার কান্না, থামে না অবসান।
নদীর স্রোত কেড়ে নেয় কত স্বপ্নের ঠিকানা,
আকাশ শুধু চেয়ে দেখে নিঃস্ব মানুষের মানা।
ছাত্রছাত্রীর বুকের মাঝে জাগে নতুন ভোর,
সুশিক্ষা আর ন্যায্য অধিকারের জোর।
চায় না তারা মিথ্যা বুলি, চায় না ভয়ের শাসন,
সত্য, ন্যায় আর কর্মেই হোক ভবিষ্যতের ভাষণ।
আমড়া কাঠের ঢেঁকির মতো থেমে গেলে চলবে?
সময়ের এই ডাকটাকে আর কতদিন টলবে?
জাগুক বিবেক, জাগুক প্রাণ, ভাঙুক মিথ্যার জাল,
মানুষ হোক মানুষেরই সবচেয়ে বড় ঢাল।
সবুজ মাঠে ফিরুক আবার সোনালি দিনের হাসি,
ভ্রাতৃত্ব, প্রেম, মানবতায় ফুটুক সুখের বাঁশি।
রাজনীতি হোক সেবার পথ, হিংসা যাক দূরে,
বাংলার মুখ হাসুক আবার শান্তির নীল সুরে।
আমড়া কাঠের ঢেঁকি যেন ইতিহাসের বাণী—
স্থবিরতায় হারায় শুধু জাতির সম্মানখানি।
এসো সবাই হাতে হাত রেখে গড়ি নতুন ভুবন,
ঐক্যের দীপ জ্বেলে গড়ি সুখ-শান্তির জীবন।