

লক্ষ্মীপুর প্রতিনিধি
কিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের বিরুদ্ধে লক্ষ্মীপুরে একযোগে অভিযান চালিয়ে ১৮২ জনকে আটক করেছে জেলা পুলিশ। সম্প্রতি পাঁচ ঘণ্টাব্যাপী জেলার ছয় থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক দল এ অভিযান পরিচালনা করে।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপার আবু তারেকের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন রায়হান কাজেমীর তত্ত্বাবধানে এ অভিযান চালানো হয়। কিশোর বয়সী বখাটেদের উৎপাত ও অপরাধপ্রবণতা রয়েছে— এমন বিভিন্ন স্থানকে অভিযানের আওতায় নেওয়া হয়। অভিযানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অংশ নেন।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, লক্ষ্মীপুর সদর থানায় ৬০, চন্দ্রগঞ্জ থানায় ২১, রায়পুর থানায় ২৪, রামগঞ্জ থানায় ২৪, রামগতি থানায় ১৩, কমলনগর থানায় ১৭ ও ডিবি পুলিশের অভিযানে ২৩ জনকে আটক করা হয়েছে।
আটক ১৮২ জনের মধ্যে ১৫৯ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে। অপরদিকে বিভিন্ন মামলা, গ্রেফতারি পরোয়ানা, ফৌজদারি কার্যবিধির ১৫১ ও ৩৪ ধারায় ২৫ জনকে আদালতে সোপর্দ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।