সর্বশেষ সংবাদ

রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে নগর ব্যবস্থাপনা দেখলেন- প্রধানমন্ত্রী

লেখক: বিশেষ প্রতিনিধি, ঢাকা।
প্রকাশ: August 1, 2026

বিশেষ প্রতিনিধি, ঢাকা।

রাজধানীর সড়কে পরিষ্কার-পরিচ্ছন্নতার বাস্তব চিত্র দেখতে নিজেই গাড়ি চালিয়ে বিভিন্ন এলাকা ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার বিকেল ৪টার দিকে তিনি গুলশানের বাসা থেকে গাড়ি নিয়ে বের হন। পরিদর্শনকালে পরিচ্ছন্নতা কার্যক্রম, বৃক্ষরোপণ ও সবুজায়ন, পানি নিষ্কাশন ব্যবস্থা এবং নগর ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী কয়েকটি স্থানে বিদ্যমান সমস্যা চিহ্নিত করেন এবং কিছু বিষয়ে অসন্তোষ প্রকাশ করে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

প্রধানমন্ত্রী গাড়ি চালিয়ে ইসিবি চত্বর, মিরপুর ডিওএইচএস, দিয়াবাড়ী, উত্তরা সেক্টর-৩, ৪, ৫ ও ৬, এয়ারপোর্ট সড়ক, কাকলী মোড়, মহাখালী, ফার্মগেট, মানিক মিয়া অ্যাভিনিউ, আসাদগেট, মোহাম্মদপুর, সলিমুল্লাহ রোড, ইকবাল রোড, তাজমহল রোড, জাপান গার্ডেন সিটি, শ্যামলী মোড়, গণভবন মোড়, জিয়া উদ্যান, শেওড়াপাড়া, কাজীপাড়া, মিরপুর-১০, কচুক্ষেত, ক্যান্টনমেন্ট, সৈনিক ক্লাব, কাকলী ও বনানী এলাকা ঘুরে দেখেন। সন্ধ্যায় তিনি গুলশান অ্যাভিনিউর বাসভবনে ফেরেন।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, রাজধানীর উত্তরাঞ্চলের বিভিন্ন সড়কের পরিষ্কার-পরিচ্ছন্নতা কেমন তা দেখতে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই গাড়ি ড্রাইভ করে ঘুরেছেন। প্রধানমন্ত্রী বারবার বলেছেন, তিনি ঢাকাকে পরিষ্কার-পরিচ্ছন্ন শহর হিসেবে দেখতে চান। সেজন্য সরেজমিন ঘুরে দেখছেন।

প্রধানমন্ত্রী এদিন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম ও উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টনকে তার বাসভবনে ডেকে নেন। পরে তাদের নিয়ে সার্বিক অবস্থা সরেজমিন পরিদর্শনে বের হন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন, প্রধানমন্ত্রীর একান্ত সচিব মেহেদুল ইসলাম ও সহকারী একান্ত সচিব আব্দুর রহমান সানী।

এর আগে বৃহস্পতিবার রাতেও রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি সুজাউদ্দৌলা সুজন জানান, প্রথমে ফার্মগেট এলাকার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এরপর সংসদ ভবন এলাকায় যান। এরপর ক্যান্টনমেন্ট হয়ে মহাখালী যান। তারপর বনানী চেয়ারম্যান বাড়ি ঘুরে বনানী হয়ে গুলশানে বাসায় ফেরেন তিনি। এ সময় প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তার গাড়িবহরে ছিলেন।

সূত্র জানায়, বিভিন্ন স্থানে থেমে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে তথ্য নেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন। রাতের নগর ব্যবস্থাপনা বাস্তবে কীভাবে পরিচালিত হচ্ছে, তা সরেজমিন যাচাই করতেই এ আকস্মিক পরিদর্শন।

এর আগে পবিত্র ঈদুল আজহার সময়ও রাতে রাজধানীর বিভিন্ন এলাকা পরিদর্শন করেছিলেন প্রধানমন্ত্রী। সে সময় কোরবানির পশুর বর্জ্য নির্ধারিত সময়ের মধ্যে অপসারণে দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট দুই কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয়। দায়িত্ব পালনে গাফিলতির বিষয়ে সরকারের কঠোর অবস্থানের বার্তা হিসেবে সে সিদ্ধান্ত ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।