সর্বশেষ সংবাদ

১১টি নিয়ম মেনে ব্যায়াম না করেও ফিট থাকা যায়

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: July 7, 2026

তামিল, তেলুগু ও হিন্দি ছবিতে দাপিয়ে অভিনয় করে যাচ্ছেন। সম্প্রতি ‘পদ্মশ্রী’ সম্মানও পেয়েছেন। চরিত্রের প্রয়োজনে ওজন বাড়িয়ে তা আবার কমিয়ে ফেলেছিলেন মাত্র ২১ দিনেই। সে জন্য কোনও কঠিন কার্ডিয়ো বা স্ট্রেংথ ট্রেনিংও করতে হয়নি তাঁকে। চরিত্র অনুযায়ী নিজের চেহারা বদলে ফেলতে পারেন অনায়াসে, আবার বাড়তি মেদও জমতে দেন না শরীরে। ৫৬ বছরের মাধবনের চেহারায় বয়সের ছাপ পড়েনি। বরং বয়সের চেয়ে খানিক ছোটই মনে হয় তাঁকে। নানা সাক্ষাৎকারে জানিয়েছেন, সুস্থ ও নীরোগ থাকতে জিমে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা শারীরচর্চা করার অভ্যাস নেই তাঁর। কেবল ১১টি নিয়ম মেনে চলেন অক্ষরে অক্ষরে।

কোন কোন নিয়ম মেনে সুস্থ ও নীরোগ থাকেন মাধবন?

১) ইন্টারমিটেন্ট ফাস্টিং

সন্ধ্যার পরে আর খাবার খান না মাধবন। প্রায় ১৪-১৬ ঘণ্টা উপোসে থাকেন। ইন্টারমিটেন্ট ফাস্টিং করেই ওজন নিয়ন্ত্রণে রাখেন বলে জানিয়েছেন অভিনেতা। এই পন্থা মেনে চলেই তিনি যখন ইচ্ছে বাড়তি ক্যালোরি ঝরিয়ে ফেলতে পারেন, তাঁর হজমশক্তিও আরও ভাল হয়েছে বলেই দাবি করেছেন। তবে ইন্টারমিটেন্ট ফাস্টিং করলেও তিনি পুষ্টিকর খাবার খান এবং এমন ভাবে ক্যালোরি মেপে খান যাতে পুষ্টির ঘাটতি না হয়।

২) ৪৫ থেকে ৬০ বার চিবোনো

মাধবনের মতে, খাবার মুখে নিয়ে গিলবার আগে অন্তত ৪৫-৬০ বার চিবোনো উচিত। সময় নিয়ে ধীরেসুস্থে খাওয়া ও চিবিয়ে খাওয়ার অভ্যাসই শরীরে মেদ জমতে দেবে না বলে মত অভিনেতার। তবে এই অভ্যাস যে ওজন কমাতে সহায়ক তা জানিয়েছে, ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চও (আইসিএমআর)। এতে খাবার ছোট ছোট টুকরোয় ভেঙে যায় ও লালায় থাকা উৎসেচকগুলির সঙ্গে মিশে দ্রুত হজম হতে পারে। এই অভ্যাস থাকলে গ্যাস-অম্বলের সমস্যাও কম হয়।

৩) সন্ধের মধ্যে রাতের খাওয়া

মাধবন তাঁর দিনের শেষ খাবারটি সন্ধ্যা ৭টার আগেই খেয়ে নেন। তাড়াতাড়ি রাতের খাওয়া সেরে নিলে হজম ভাল হয় ও শরীরে মেদ জমতে পারে না বলেই মত অভিনেতার।

৪) বিকেলের পরে কাঁচা খাবার নয়

বিকেল ৪টের পরে ফল বা কাঁচা স্যালাড খান না মাধবন। অভিনেতার মতে, বিকেলের পর থেকে বিপাকক্রিয়ার হার কমে যায়। তাই সহজে হজম হয় এমন রান্না খাবার বা হালকা স্যুপ খেতেই পছন্দ করেন তিনি।

৫) সকালে ঘণ্টাখানেক হাঁটা

জিম বা কোনও ভারী ওয়ার্কআউট নয়, সকালে ঘণ্টাখানেক হেঁটেই ওজন নিয়ন্ত্রণে রাখেন মাধবন। তাঁর মতে, হাঁটলে শরীরের পাশাপাশি মনও ভাল থাকে। খারাপ কোলেস্টেরল জমতে পারে না, হৃদ্‌রোগের ঝুঁকিও কমে।

৬) রাতে তাড়াতাড়ি ঘুম

রাতে তাড়াতাড়ি ঘুম ও সকাল সকাল উঠে পড়া— মাধবনের অভ্যস। চিকিৎসাবিজ্ঞান বলে, ঘুমের অভাব হলে হরমোনের ভারসাম্য বিগড়ে যায়। ফলে নানা রোগ বাসা বাঁধতে থাকে। অকালেই বার্ধক্যের ছাপ পড়ে শরীরে।

৭) ঘুমোনোর ৯০ মিনিট আগে মোবাইল বন্ধ

ঘুমোনোর অন্তত দেড় ঘণ্টা আগে মোবাইল, ল্যাপটপ বা টিভি দেখা বন্ধ করে দেন। ঘুমোতে যওয়ার সময়ে কোনও ডিজিটাল ডিভাইস সঙ্গে রাখেন না। সে কারণেই তাঁর একটানা ঘুম হয়। সকালে উঠে শরীর ও মন সতেজ থাকে।

৮) পর্যাপ্ত জল পান

শরীর সুস্থ রাখতে ও ওজন কমাতে পর্যাপ্ত জল পান করা জরুরি বলেই মনে করেন মাধবন। জল শরীর আর্দ্র রাখে, অতিরিক্ত ‘টক্সিন’ বার করে দেয়। তবে কোনও অসুখবিসুখ থাকলে চিকিৎসকের পরামর্শ নিয়ে মেপে জল পান করাই জরুরি।

৯) পাতে সবুজ শাকসব্জি

মাধবনের খাদ্যতালিকায় প্রচুর পরিমাণে সবুজ শাকসব্জি থাকে। প্রোটিন ও ফাইবার সমৃদ্ধ খাবার খেতেই বেশি পছন্দ করেন। মাধবন জানিয়েছেন, শাকসব্জি বেশি খাওয়ার কারণে ইন্টারমিটেন্ট ফাস্টিং করেও তাঁর শরীরে পুষ্টির অভাব হয় না। আলাদা করে সাপ্লিমেন্ট খাওয়ার প্রয়োজন পড়ে না।

১০) সহজে হজম হয় এমন খাবার

মাধবন এমন খাবার খেতে পছন্দ করেন যা সহজে হজম হয়। যেমন নানা ধরনের স্যুপ, ইডলি, দোসা তাঁর পছন্দ। সকালের জলখাবারে রাইস কাঞ্জি খেতে পছন্দ করেন যা সহজপাচ্য ও প্রোবায়োটিক সমৃদ্ধ। কেনা এনার্জি ড্রিঙ্ক বা ডায়েট ফুডের বদলে ঘরে তৈরি সাদামাঠা খাবারই পছন্দ অভিনেতার।

১১) প্রক্রিয়াজাত খাবার নৈব নৈব চ

জাঙ্ক ফুড, সবরকমের প্রক্রিয়াজাত ও প্যাকেটজাত খাবার এড়িয়ে চলেন মাধবন। প্রক্রিয়াজাত খাবার শরীরে দ্রুত মেদ জমায় এবং বিঞ্জ ইটিংয়ের প্রবণতা বাড়িয়ে দেয়। ওজন কমাতে হলে তাই আগে প্রক্রিয়াজাত যে কোনও খাবার খাওয়া বন্ধ করতে হবে বলেই মনে করেন অভিনেতা।