সর্বশেষ সংবাদ

সাংবাদিককে হামলা ও হত্যার হুমকি, আক্তার মেম্বারের অত্যাচারে মান্দারীবাসী অতিষ্ঠ!

লেখক: লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: August 20, 2026

​লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী বাজারে স্থানীয় সাবেক ইউপি সদস্য আক্তার হোসেনের একের পর এক অপকর্ম ও সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে পড়েছে সাধারণ মানুষ। সর্বশেষ পবিত্র মসজিদের ভেতরে ঢুকে এক সিনিয়র সাংবাদিককে হামলা ও হত্যার হুমকি দেওয়ার ঘটনায় এলাকা জুড়ে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
​ঘটনার বিবরণীতে জানা যায়, গত মঙ্গলবার আসরের নামাজের পূর্বে মান্দারী বাজার নূরানী জামে মসজিদের অজুখানায় অজু করছিলেন চন্দ্রগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক জাহাঙ্গীর আলম। এসময় ইতিপূর্বে প্রকাশিত সংবাদের জের ধরে আক্তার মেম্বার তার ওপর চড়াও হয় এবং অকথ্য ভাষায় গালমন্দ করতে থাকে। একপর্যায়ে তিনি সাংবাদিক জাহাঙ্গীর আলমের ওপর অতর্কিত হামলা চালান। পরিস্থিতি বেগতিক দেখে উপস্থিত সাধারণ মুসল্লিরা তাকে উদ্ধার করে মসজিদের ভেতরে নিয়ে যান।
​তবে এতেও ক্ষান্ত হননি অভিযুক্ত আক্তার মেম্বার। তিনি সাংবাদিক জাহাঙ্গীর আলমকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি প্রদান করেন। এ ঘটনার পর ভুক্তভোগী সাংবাদিক নিরাপত্তা চেয়ে চন্দ্রগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
​অভিযোগ সূত্রে ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, সাবেক মেম্বার আক্তারের বিরুদ্ধে ইতিপূর্বেও বিভিন্ন ধরণের সন্ত্রাসী কর্মকাণ্ড, দখলদারিত্ব ও সাধারণ মানুষকে ভয়ভীতি দেখানোর অগণিত অভিযোগ রয়েছে। তার দৌরাত্ম্যে অতিষ্ঠ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।
​এদিকে একজন পেশাদার সাংবাদিকের ওপর পবিত্র মসজিদে হামলা ও প্রাণনাশের হুমকির ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে সচেতন মহল। লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি আ হ ম মুস্তাকুর রহমান, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাভেল এবং চন্দ্রগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম এই অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। সাংবাদিক নেতারা অবিলম্বে অভিযুক্ত আক্তার মেম্বারকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।