সর্বশেষ সংবাদ

চট্টগ্রাম-কক্সবাজারে ভারি বর্ষণ পাহাড়ধস ও উজানের ঢল

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: July 9, 2026

কক্সবাজার প্রতিনিধিঃ–

টানা ভারি বর্ষণে বুধবার কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে মাদ্রাসার ওপর পাহাড়ধসে সাত শিশু শিক্ষার্থীসহ আটজন মারা গেছেন। একইভাবে চট্টগ্রামের পাঁচলাইশ ও সীতাকুণ্ডে দুই শিশুর মৃত্যু হয়েছে। নরসিংদীর রায়পুরায় দেওয়ালচাপায় প্রাণ গেছে শিশুর। এর আগে সোম ও মঙ্গলবার কক্সবাজারে পাহাড়ধসে আরও ১১ জন মারা যান। প্রতিবছরই বর্ষার সময় পাহাড়ধসে মৃত্যুর ঘটনা ঘটে।

চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। বৈরী আবহাওয়ায় খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানে সহস্রাধিক পর্যটক আটকা পড়েছেন। বঙ্গোপসাগরে পাঁচ ট্রলার ডুবে গেছে। অন্য জেলেরা উদ্ধার হলেও নিখোঁজ রয়েছেন ১৫ জন। দেশের বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে ব্যাপক ক্ষতি হয়েছে ফসলের। পানিবন্দি হয়ে পড়েছে লাখো মানুষ। হাজারো মানুষ ঠাঁই নিয়েছেন আশ্রয়কেন্দ্রে। অতি ভারি বৃষ্টির পাশাপাশি ভারত থেকে নেমে আসা ঢলে চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের নদীর পানি বাড়ছে। কিছু কিছু স্থানে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ১৫ জেলায় বন্যার পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

কক্সবাজার : উখিয়ায় আবারও প্রাণহানির ঘটনা ঘটেছে। এবার রোহিঙ্গা আশ্রয়শিবিরের একটি মাদ্রাসা ও হিফজ কেন্দ্রের ওপর পাহাড় ধসে পড়ে সাত শিশু শিক্ষার্থীসহ আটজনের মৃত্যু হয়েছে। নিহত অপর একজন মাদ্রাসার শিক্ষক বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ ঘটনায় অন্তত ২৭ জন আহত হয়েছেন। বুধবার দুপুর ২টার দিকে উখিয়ার ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-৩ ব্লকে এ দুর্ঘটনা ঘটে। টানা বৃষ্টিতে পাহাড়ের একটি বড় অংশ ধসে পাশের মাদ্রাসা ও হিফজ কেন্দ্রের ওপর পড়লে মুহূর্তেই ভবনটি মাটিচাপা পড়ে যায়। দুর্ঘটনার সময় সেখানে অর্ধশতাধিক শিক্ষার্থী কুরআন শিক্ষা নিচ্ছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মো. মিজানুর রহমান বলেন, উদ্ধার অভিযান এখনও চলছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।